উত্তর আটলান্টিকে বিপুল ন্যানোপ্লাস্টিকের সন্ধান, হুমকিতে সামুদ্রিক জীবন ও মানবস্বাস্থ্য।
নেদারল্যান্ডসের দুই গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, উত্তর আটলান্টিক মহাসাগরের পানিতে প্রায় ২ কোটি ৭০ লাখ টন ন্যানোপ্লাস্টিক রয়েছে। এই ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো সমুদ্রের বাস্তুতন্ত্রের জন্য বিপজ্জনক হওয়ায় বিজ্ঞানীরা উদ্বিগ্ন।
রয়্যাল নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর সি রিসার্চ ও উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই পরিমাণ ন্যানোপ্লাস্টিকের পরিমাপ করেন। তাঁরা জানান, ন্যানোপ্লাস্টিক বলতে এক মাইক্রোমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে বোঝানো হয়, যা বড় প্লাস্টিকের ভাঙনের ফলে সমুদ্রে ছড়িয়ে পড়ে।
গবেষণায় আরভি পেলাগিয়া নামের জাহাজ ব্যবহার করে সমুদ্র থেকে পানি সংগ্রহ করা হয় এবং বিশেষ আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্লাস্টিকের এত ক্ষুদ্র কণা আলাদা করা হয়। এটি সমুদ্রের খাদ্যচক্রে প্রবেশ করে সামুদ্রিক জীব ও মানুষের শরীরে ঝুঁকি সৃষ্টি করছে।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই প্লাস্টিক কণাগুলো এত ছোট যে এগুলোকে পরিষ্কার বা অপসারণ করা অত্যন্ত কঠিন। দীর্ঘমেয়াদে এটি সামুদ্রিক প্রাণী ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে কাজ করতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন