বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মঙ্গল গ্রহে মানুষের সম্ভাব্য অবতরণস্থল চিহ্নিত করলেন গবেষকেরা।

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গল গ্রহে মানুষের পা রাখা এখন আর কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়, বরং বাস্তব সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছেছে। এই লক্ষ্যেই মার্কিন গবেষকেরা চিহ্নিত করেছেন এমন একটি অঞ্চল, যেখানে ভবিষ্যতের নভোচারীরা অবতরণ করতে পারেন নিরাপদে।

 

মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি জানিয়েছেন, মঙ্গলের ‘অ্যামাজনিস প্লানিটিয়া’ অঞ্চলের তিনটি এলাকা — বিশেষ করে ‘এপি-৮’ — ভবিষ্যৎ অভিযানের জন্য সবচেয়ে উপযুক্ত।

গবেষণাপত্রে বলা হয়েছে, পানি এবং জ্বালানি সরবরাহের দিক বিবেচনায় এপি-৮ এলাকার আশপাশে ভূগর্ভস্থ বরফের উপস্থিতির প্রমাণ মিলেছে। পাশাপাশি, অঞ্চলটি অপেক্ষাকৃত সমতল এবং স্থায়ী ঘাঁটি গঠনের উপযোগী বলেও উল্লেখ করেন গবেষকরা।

গবেষক এরিকা লুজ্জি জানান, অবতরণের জন্য শুধু নিরাপদ জায়গা থাকলেই হয় না, থাকতে হবে পানির মতো মৌলিক উপাদানের সংস্থানও। অ্যামাজনিস প্লানিটিয়ার বিভিন্ন ভূপ্রকৃতি বিশ্লেষণ করে দেখা গেছে, এপি-৮ এলাকায় পানির সম্ভাব্য অস্তিত্ব এবং স্বাচ্ছন্দ্যে যন্ত্রপাতি নামানোর উপযুক্ত ভূমি রয়েছে।

অন্যদিকে, এই অভিযানের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্কও। তাঁর কোম্পানি স্পেসএক্স ইতোমধ্যে মঙ্গলে মানববসতি স্থাপনের প্রযুক্তিগত প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। ফলে ভবিষ্যতের কোনো মঙ্গল মিশনে এই অঞ্চলগুলোই হতে পারে প্রথম মানব পদচিহ্নের সাক্ষী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন