আইফোনে গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সুখবর।
আইফোনে গুগল ক্রোম ব্যবহারের অভিজ্ঞতা আরও স্বচ্ছন্দ করতে নতুন একটি ফিচার চালু করেছে গুগল। এই সুবিধার ফলে এখন থেকে ব্যবহারকারীরা খুব সহজেই এক ক্লিকেই একটি গুগল অ্যাকাউন্ট থেকে আরেকটিতে স্যুইচ করতে পারবেন—সাইন ইন ও সাইন আউটের ঝামেলা ছাড়াই।
গুগলের এই নতুন আপডেটে প্রতিটি অ্যাকাউন্টের ব্রাউজিং ইতিহাস, ট্যাব, পাসওয়ার্ড ও বুকমার্ক আলাদাভাবে সংরক্ষিত থাকবে। এতে ব্যক্তিগত এবং অফিস সংক্রান্ত কাজ একসঙ্গে করলেও তথ্য বিভ্রান্তি বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হওয়ার আশঙ্কা কমে যাবে।
গুগল জানিয়েছে, যখন কেউ প্রতিষ্ঠানের অধীনস্ত বা ‘ম্যানেজড’ অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তখন ব্রাউজার স্পষ্টভাবে তা জানিয়ে দেবে। ফলে ব্যবহারকারী বুঝতে পারবেন যে তিনি এখন একটি নিয়ন্ত্রিত নেটওয়ার্ক পরিবেশে রয়েছেন, যেখানে আলাদা নিরাপত্তা নীতিমালা কার্যকর।
তবে আপাতত এই ফিচারটি শুধুমাত্র ম্যানেজড গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য ফিচারটি এখনো চালু হয়নি। ম্যানেজড অ্যাকাউন্টে প্রথমবার লগ ইন করার সময় ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অনবোর্ডিং স্ক্রিন থাকবে, যেখানে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ডেটা ব্যবস্থাপনার নিয়ম বিস্তারিতভাবে জানানো হবে।
উল্লেখ্য, সূত্র মতে, প্রযুক্তি সাইট ‘টেকলুসিভ’ প্রথম এই আপডেটের খবর প্রকাশ করে।

মতামত দিন