মহাকাশে মাঝারি ভরের ব্ল্যাকহোল শনাক্ত, নাসার যুগান্তকারী আবিষ্কার।
মহাবিশ্বের রহস্য উন্মোচনে আরও এক ধাপ অগ্রসর হলো নাসার গবেষণা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি হাবল স্পেস টেলিস্কোপ ও চন্দ্র এক্স-রে অবজারভেটরির সহায়তায় প্রথমবারের মতো একটি বিরল ও মাঝারি ভরের ব্ল্যাকহোলের অস্তিত্ব শনাক্ত করেছে।
ব্ল্যাকহোলটি হারকিউলিস নক্ষত্রমণ্ডলে অবস্থিত এবং এটি পৃথিবী থেকে প্রায় ৪৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরে। এই ব্ল্যাকহোলটি একটি নক্ষত্রকে গিলে ফেলছিল—এই বিরল দৃশ্যই ধরা পড়ে টেলিস্কোপের নজরে। বিজ্ঞানীরা বলছেন, এটি এমন এক আবিষ্কার, যা ব্ল্যাকহোল বিষয়ে বিদ্যমান ধ্যানধারণায় বড় পরিবর্তন আনবে।
সাধারণত ব্ল্যাকহোলের দুটি শ্রেণি জ্যোতির্বিজ্ঞানে প্রচলিত—নক্ষত্রভিত্তিক ব্ল্যাকহোল ও অতিদৈত্যাকার ব্ল্যাকহোল। এর মধ্যে প্রথমটি গঠিত হয় মৃত নক্ষত্রের ধস থেকে, অন্যটি গ্যালাক্সির কেন্দ্রস্থলে অবস্থান করে এবং বিশাল ভরের অধিকারী।
কিন্তু মাঝারি ভরের ব্ল্যাকহোলের অস্তিত্ব এখন পর্যন্ত খুব কমই পাওয়া গেছে। কারণ তারা না অতিরিক্ত উজ্জ্বল, না-ই সহজে শনাক্তযোগ্য। ফলে অনেক সময় এরা টেলিস্কোপের নজর এড়িয়ে যায়।
নাসার এই নতুন আবিষ্কার শুধু একটি ব্ল্যাকহোল শনাক্ত করাই নয়, বরং ব্ল্যাকহোলের গঠন ও গ্যালাক্সির বিবর্তনের মধ্যে সম্পর্ক বোঝার ক্ষেত্রে বিশাল অগ্রগতি বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের গবেষণা ভবিষ্যতে মহাবিশ্বের গঠন ও এর বিবর্তন সম্পর্কে আরও গভীর ও সুনির্দিষ্ট ধারণা দেবে।

মতামত দিন