বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

জুলাই মাসে পৃথিবীর ঘূর্ণন বেড়েছে, ছোট হচ্ছে দিনের দৈর্ঘ্য।

নিজেস্ব প্রতিবেদক:

পৃথিবী সূর্যের চারপাশে এবং নিজের অক্ষেও নির্দিষ্ট গতিতে ঘোরে। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি জুলাই মাসে পৃথিবীর ঘূর্ণনগতি কিছুটা বেড়েছে।

ফলে দিনের দৈর্ঘ্য একটু ছোট হয়ে গেছে। বিশেষ করে ১০ জুলাই ছিল চলতি বছরের সবচেয়ে ছোট দিন।

গবেষণায় দেখা গেছে, ১০ জুলাই দিনের দৈর্ঘ্য সাধারণ দিনের তুলনায় প্রায় ১ দশমিক ৩৬ মিলিসেকেন্ড কম ছিল। এরপর ২২ জুলাই দিনটিও প্রায় ১ দশমিক ৩৪ মিলিসেকেন্ড ছোট ছিল। আগামী ৫ আগস্ট এই দৈর্ঘ্য আরও কমে ১ দশমিক ২৫ মিলিসেকেন্ড হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।

একটি গড় দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা বা ৮৬,৪০০ সেকেন্ড হলেও, পৃথিবীর গতিশীলতার কারণে এর মধ্যে সূক্ষ্ম পরিবর্তন হয়। যদিও এই ক্ষুদ্র পরিবর্তন দৈনন্দিন জীবনে তেমন প্রভাব ফেলে না, স্যাটেলাইট নেভিগেশন, টেলিযোগাযোগ, কম্পিউটার সিস্টেম এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির পদার্থবিদ জুডাহ লেভাইন জানান, ১৯৫৫ সাল থেকে পারমাণবিক ঘড়ি ব্যবহার করে ‘সমন্বিত সর্বজনীন সময়’ (UTC) হিসাব করা হয়। এতে এই ধরনের ক্ষুদ্র পরিবর্তন ধরা হয় এবং সময়ের সঠিক হিসাব রাখা হয়।

পৃথিবীর ঘূর্ণনের গতি নানা কারণে পরিবর্তিত হতে পারে। যেমন হিমবাহ গললে ভরের বণ্টন বদলে যায়,যা ঘূর্ণনের গতিতে প্রভাব ফেলে। এছাড়া ‘এল নিনো’ ও ‘লা নিনা’ জাতীয় প্রাকৃতিক ঘটনা থেকেও এর পরিবর্তন হতে পারে। তাই ১৯৭২ সাল থেকে পৃথিবীর প্রকৃত ঘূর্ণনের সঙ্গে সময়কে সামঞ্জস্যপূর্ণ রাখতে নিয়মিত ‘লিপ সেকেন্ড’ যোগ করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন