বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

ইউরেনাস থেকে নির্গত হচ্ছে তাপ, ‘ঠান্ডা’ গ্রহ নিয়ে ধারণা বদলে দিচ্ছে নতুন গবেষণা।

নিজেস্ব প্রতিবেদক:

সূর্য থেকে প্রায় ১৮০ কোটি মাইল দূরে অবস্থান করা সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসকে এত দিন ধরে ‘ঠান্ডা ও নিষ্ক্রিয়’ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু নতুন এক বৈজ্ঞানিক গবেষণা বলছে, এই গ্রহের অভ্যন্তর থেকে তাপ নির্গত হচ্ছে—যা পূর্বের ধারণার সঙ্গে সম্পূর্ণ বিপরীত।

যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি ইউরেনাসের অভ্যন্তরীণ তাপ নির্গমনের প্রমাণ পেয়েছেন। তাদের গবেষণাপত্রটি জিওফিজিক্যাল রিসার্চ লেটারস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ইউরেনাস কেবল সূর্য থেকে তাপ শোষণ করে না, বরং তার চেয়েও বেশি তাপ নিজ থেকে নির্গত করে।

গবেষক জিনিউ ওয়াং বলেন, “সৌরজগতের অন্যান্য গ্যাস দৈত্যদের মতো ইউরেনাসও তাপ তৈরি করে। সূর্য থেকে এত দূরে অবস্থান করেও এ ধরনের ক্রিয়াশীলতা বৈজ্ঞানিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” তিনি আরও জানান, এই তাপ নির্গমনের পেছনে গ্রহটির অভ্যন্তরীণ জ্যোতির্বিজ্ঞান, মৌলিক তাপীয় গঠন এবং আদি গঠন সম্পর্কিত তথ্য জড়িত থাকতে পারে।

হিউস্টন বিশ্ববিদ্যালয়ের আরেক বিজ্ঞানী লিমিং লি বলেন, “এই নতুন আবিষ্কার আমাদের ইউরেনাসের বায়ুমণ্ডল ও জলবায়ুব্যবস্থার গভীর প্রক্রিয়া বোঝার সুযোগ করে দিচ্ছে।” গবেষকরা মনে করছেন, ভবিষ্যতে ইউরেনাসে নতুন মহাকাশ অভিযান পরিচালনার প্রেক্ষাপটেও এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য হয়ে উঠবে।

এদিকে, এই গ্রহের দীর্ঘ ঋতুচক্র এবং আবহাওয়ার বৈচিত্র্যের দিকেও নজর দিচ্ছেন বিজ্ঞানীরা। ইউরেনাসে প্রতিটি ঋতু প্রায় ২০ বছর পর্যন্ত স্থায়ী হয়। এছাড়া, নর্থ ডাকোটা ও জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় গ্রহটির চাঁদ মিরান্ডার পৃষ্ঠে পানির  অস্তিত্ব থাকার সম্ভাবনাও উঠে এসেছে।

গবেষকদের মতে, নতুন এই তথ্য ভবিষ্যতে বৃহৎ গ্যাসীয় গ্রহগুলোর অভ্যন্তরীণ গঠন, তাপ নির্গমন এবং জলবায়ু ব্যবস্থার ওপর প্রভাব সম্পর্কেও আমাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করবে।

সূত্র: এনডিটিভি


মতামত দিন