বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

সূর্যের ‘ক্রোমোস্ফিয়ার’ নিয়ে নাসার নতুন অভিযান।

নিজেস্ব প্রতিবেদক:

সূর্যের রহস্য উন্মোচনে আরও এক ধাপ এগোল নাসা। এবার লক্ষ্য সূর্যের সবচেয়ে গতিশীল ও জটিল স্তর—ক্রোমোস্ফিয়ার।
আজ শুক্রবার মহাকাশে পাঠানো হয়েছে সাব-অরবিটাল সাউন্ডিং রকেট, যার মূল উদ্দেশ্য সূর্যের এই মধ্যবর্তী স্তর নিয়ে আরও নির্ভুল ও গভীর পর্যবেক্ষণ চালানো।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ক্রোমোস্ফিয়ার সূর্যের আলোকমণ্ডল ও বাইরের বায়ুমণ্ডলের মাঝামাঝি একটি অঞ্চল, যেখানে দেখা যায় সৌরশিখা, গরম প্লাজমার জেট ও প্রচণ্ড শক্তির প্রবাহ। তাপমাত্রা ওঠানামা করে ৬  হাজার থেকে ১০ লাখ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতদিন এই স্তরের কার্যকলাপ পুরোপুরি বোঝা যায়নি।  এবার সেই শূন্যতা পূরণ করতে নাসার বিশেষ স্পেকট্রোগ্রাফ ‘সোলার ইরাপ্টিওন ইন্টিগ্রাল ফিল্ড স্পেকট্রোগ্রাফ’ পাঠানো হয়েছে মহাকাশে, যা মাত্র ১০ মিনিটের জন্য হলেও সূর্যের এই অংশের স্পেকট্রাল  ডেটা সংগ্রহ করবে।

এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিজ্ঞানী শৌভিক বোস। তিনি জানান, এই যন্ত্র সূর্যের চৌম্বকীয় অঞ্চলগুলোতে কীভাবে শক্তি সঞ্চালিত হয়, তা খতিয়ে দেখবে। বিশেষ করে সূর্যের অতিবেগুনি বিকিরণ পর্যবেক্ষণে এটি  হবে প্রথম উচ্চরেজুলেশন স্পেকট্রোগ্রাফ।

বিশেষজ্ঞদের মতে, এবার প্রথমবারের মতো সূর্যের ‘দ্বিমাত্রিক’ ছবি তোলা সম্ভব হবে, যেখান থেকে পুরো বর্ণালির তথ্য বিশ্লেষণ করে জানা যাবে কীভাবে সৌর প্লাজমার তাপমাত্রা, গতি ও ঘনত্ব পরিবর্তিত হয়। সবচেয়ে বড় কথা—সূর্যের বাইরের স্তর ‘করোনা’ কেন এত গরম, সেই রহস্যের জবাব হয়তো এবার মিলবে এই গবেষণায়।

মতামত দিন