বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

অঙ্গ প্রতিস্থাপন সহজ করতে আসছে নতুন আইন, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে বৈধভাবে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ বাড়াতে এবং মৃত্যুর পর দেহদানের নিয়ম সহজ করতে নতুন এক অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়াটি অনুমোদিত হয়েছে।এতে অঙ্গদানের সুযোগ ও পরিধি দুই-ই বেড়েছে, ফলে দেশেই বৈধভাবে অনেক অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হবে।’

তিনি জানান, দীর্ঘদিন ধরেই বাংলাদেশে এই সংক্রান্ত আইন হালনাগাদ হয়নি। সময়ের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, হাসপাতাল এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই আইনের খসড়া প্রস্তুত করা হয়।

কাদের কাছ থেকে অঙ্গ গ্রহণ করা যাবে?

শফিকুল আলম জানান, নতুন আইনে নিকটাত্মীয়দের বাইরে কিছু আত্মীয় যেমন ভাতিজা বা ভাগ্নেকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের আইনে কেবলমাত্র বাবা-মা, ভাইবোন কিংবা সন্তানদের কাছ থেকেই অঙ্গ নেওয়ার অনুমতি ছিল।

তিনি বলেন, ‘এর ফলে দেশের বহু মানুষকে আর চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না। কিডনি প্রতিস্থাপনসহ বেশ কিছু জটিল চিকিৎসা এখন দেশের মধ্যেই সম্ভব হবে। এটি দেশের স্বাস্থ্যসেবা খাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।’

দেহ দান ও আইনি রূপরেখা

সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃত্যুর পর যাঁরা চিকিৎসা গবেষণার জন্য দেহ দান করে যাবেন, তাঁদের লাশ থেকেও আইনি কাঠামোর মধ্যে থেকে অঙ্গ সংগ্রহ করা যাবে। এই বিষয়গুলো আইনটিতে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিগগিরই সংশ্লিষ্ট আইনের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হবে বলেও জানান প্রেস সচিব।

এ সময় উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাঈম আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মতামত দিন