বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

নিলামে উঠছে মঙ্গলের বিশাল পাথর, দাম প্রায় ৪৯ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদকঃ

মঙ্গলের বুকে একসময় সংঘর্ষে ছিটকে যাওয়া এক বিশাল পাথর এবার জায়গা করে নিচ্ছে নিউইয়র্কের নিলামঘরে। লাল গ্রহ থেকে ছুটে আসা এ টুকরো মহাজাগতিক শিলার নাম NWA 16788, যা আগামী ১৬ জুলাই বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিসের মাধ্যমে বিক্রির জন্য তোলা হবে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, প্রায় ২৫ কেজি ওজনের এই পাথরটি বর্তমানে পৃথিবীতে শনাক্ত হওয়া সবচেয়ে বড় মঙ্গল-উৎপত্তির উল্কাপিণ্ড। প্রস্থে এর পরিমাণ প্রায় ১৫ ইঞ্চি।বৈজ্ঞানিক পরিসংখ্যান বলছে, পৃথিবীর সব মঙ্গল-উল্কাপিণ্ডের মধ্যে একাই এটি ৬ দশমিক ৫ শতাংশ প্রতিনিধিত্ব করে—অর্থাৎ বিরল এবং বিশাল দুই-ই।

বিশেষজ্ঞদের ধারণা, প্রাচীনকালে মঙ্গলের গায়ে এক ভয়াবহ গ্রহাণু আঘাত হানে।সেই ধাক্কায় ছিটকে যাওয়া খণ্ডিত অংশ দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে ২০২৩ সালে সাহারা মরুভূমির নাইজার অঞ্চলে পতিত হয়।

২২৫ মিলিয়ন মাইল দূরত্ব পেরিয়ে পৃথিবীতে আসা এই পাথরটির মূল্য ধরা হয়েছে প্রায় ৪০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৪৮ থেকে ৪৯ কোটি টাকা। মহাকাশ গবেষক থেকে শুরু করে সংগ্রাহক, সবার চোখ এখন নিলামের দিকেই।

সোথবিস বলছে, পৃথিবীতে এখন পর্যন্ত ৭৭ হাজার উল্কাপিণ্ড আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে মাত্র ৪০০টির উৎপত্তি মঙ্গলে। সংখ্যার দিক থেকে তা ০.৬ শতাংশেরও কম। ফলে এই পাথর শুধুই বড় নয়, এটিই অন্যতম বিরল এবং বহুমূল্য।

বিজ্ঞানমনস্কদের জন্য যেমন এটি এক অসাধারণ গবেষণার উপাদান, তেমনি জ্যোতির্বিজ্ঞান-প্রেমীদের কল্পনাকেও বাস্তবে ছুঁয়ে ফেলার এক দুঃসাহসী উপাখ্যান হয়ে উঠেছে মঙ্গলের এই খণ্ড।

মতামত দিন