বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনে ‘নীরবে’ কমছে ফসলের পুষ্টিমান।

নিজস্ব প্রতিবেদকঃ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের বাহ্যিক গঠন ঠিক থাকলেও তার ভেতরের পুষ্টিমান উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে—এমনটাই উঠে এসেছে যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায়।

গবেষক দল জানায়, কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বৃদ্ধি এবং তাপমাত্রা বেড়ে যাওয়ায় ফসলের রাসায়নিক গঠন ও সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় পরিবর্তন আসছে।

এতে ফসল দ্রুত বেড়ে উঠলেও ভেতরে গুরুত্বপূর্ণ খনিজ ও অ্যান্টি–অক্সিডেন্ট যৌগ কমে যাচ্ছে।

গবেষণার নেতৃত্বে থাকা বিজ্ঞানী জিয়াতা উগওয়া একেলের ভাষায়, “আমরা দেখতে পাচ্ছি, সবজির গায়ে-গতরে কিছু না বোঝালেও ভেতরে তার পুষ্টিগুণ কমে যাচ্ছে। দীর্ঘমেয়াদে এটা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হতে পারে।”

এই গবেষণায় ইরুকা স্যাটিভা, কপি ও পালংশাকসহ কিছু পাতাজাতীয় ফসল নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করে পর্যবেক্ষণ চালানো হয়। দেখা যায়, তাপমাত্রা ও CO₂-এর প্রভাবে ক্যালসিয়ামসহ বেশ কিছু জরুরি উপাদান কমে গেছে।

বিজ্ঞানীরা বলেন, এ সমস্যা সব ফসলে একরকম না হলেও সামগ্রিক প্রবণতা চিন্তার কারণ। যেসব দেশ খাদ্যনিরাপত্তাহীনতার মুখে, তাদের জন্য এটি আরও জটিল পরিস্থিতি তৈরি করছে।

সূত্র: আর্থ ডটকম

মতামত দিন