মহাকাশ থেকে আগ্নেয়গিরি পর্যবেক্ষণে নাসার নজরদারি বাড়ছে।
বিভিন্ন আগ্নেয়গিরির কার্যক্রম নজরে রাখতে মহাকাশ থেকে স্যাটেলাইট পর্যবেক্ষণ জোরদার করেছে নাসা। বিশ্বের নানা প্রান্তে সক্রিয় আগ্নেয়গিরিগুলো সম্পর্কে আগাম ধারণা ও তথ্য সংগ্রহ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি।
নাসা জানিয়েছে, ইতিমধ্যে তাদের পাঠানো ল্যান্ডস্যাট ৮ ও ৯ স্যাটেলাইট নিয়মিত আগ্নেয়গিরির সর্বশেষ ছবি পাঠাচ্ছে। পাশাপাশি সেন্টিনেল-৫পি স্যাটেলাইট ব্যবহার করে সালফার ডাই–অক্সাইডসহ আগ্নেয়গিরির নির্গত বিভিন্ন গ্যাস শনাক্ত করা হচ্ছে। অন্য স্যাটেলাইটগুলো দিয়ে অগ্ন্যুৎপাতের সময় ছাইয়ের মেঘ এবং বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া অ্যারোসল পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
বর্তমানে অগ্ন্যুৎপাতের নির্ভুল পূর্বাভাস দেওয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। তাই আগ্নেয়গিরির আশপাশে বসবাসকারী বা কাজ করা মানুষদের জন্য এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করে। এ বাস্তবতা থেকেই মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে আগ্নেয়গিরির গতিবিধি ধরার উদ্যোগ নিয়েছে নাসা।
নাসার আমেস রিসার্চ সেন্টারের আর্থ সায়েন্স বিভাগের প্রধান আগ্নেয়গিরিবিদ ফ্লোরিয়ান শোয়ান্ডনার বলেন, আগ্নেয়গিরির আচরণ ও পরিবেশগত পরিবর্তন বুঝতে পারলে অগ্ন্যুৎপাতের সম্ভাব্য পূর্বাভাস পাওয়া যেতে পারে। তিনি বলেন, “আমরা যেসব স্যাটেলাইট ও সেন্সর ব্যবহার করছি, সেগুলোর প্রযুক্তি আরও উন্নত করে আগ্নেয়গিরির পূর্বাভাস ব্যবস্থাকে আরও কার্যকর করার চেষ্টা করছি।”
সূত্র: এনডিটিভি

মতামত দিন