শনির বুকে রহস্যময় আলো: মহাজাগতিক আঘাতের ইঙ্গিত।
প্রখ্যাত শৌখিন জ্যোতির্বিদ মারিও রানা ৫ জুলাই রাতে শনি গ্রহ পর্যবেক্ষণকালে এক অদ্ভুত দৃশ্য ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, শনির ডিস্কের এক অংশ হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে, তারপর দ্রুত মিলিয়ে যায়। এই ঝলক ছিল খুবই স্বল্প সময়ের, কিন্তু স্পষ্ট।
বিষয়টি নিয়ে কাজ শুরু করে প্ল্যানেটারি ভার্চ্যুয়াল অবজারভেটরি অ্যান্ড ল্যাবরেটরি। তাদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, একটি এক কিলোমিটারের বেশি আকারের মহাজাগতিক বস্তু—সম্ভবত কোনো গ্রহাণু বা ধূমকেতু—শনি গ্রহে আঘাত হেনেছে। এই ধাক্কাতেই উজ্জ্বল ঝলক তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, প্রতি ৩ হাজার ১২৫ বছরে এমন একটি বড় আঘাতের সম্ভাবনা থাকে শনির ক্ষেত্রে।
নাসার ক্যাসিনি মিশনের বিজ্ঞানী লিন্ডা স্পিলকার বলেন, ‘শনি প্রায়ই ক্ষুদ্র উল্কাপিণ্ডের আঘাতে আক্রান্ত হয়, তবে এই দৃশ্য ব্যতিক্রম। এমন আঘাতের সরাসরি প্রমাণ অতীতে আমরা কখনও দেখিনি।’
গবেষকদের মতে, শনি গ্যাসীয় গ্রহ হওয়ায় এমন আঘাত সহজে বোঝা যায় না। তাই এই ঘটনাটি মহাকাশ গবেষণার দিক থেকে গুরুত্বপূর্ণ। এতে শনির বায়ুমণ্ডলের প্রতিক্রিয়া, গঠন ও সৌরজগতের মধ্যে মহাজাগতিক সংঘর্ষের হার সম্পর্কে নতুন তথ্য মিলতে পারে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন