মহাকাশে ছায়াপথের বিরল এক গ্যালাকটিক সংঘর্ষ।
এই মহাজাগতিক ঘটনা পৃথিবী থেকে প্রায় ১ হাজার ১০০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। সংঘর্ষে থাকা প্রতিটি ছায়াপথের বিস্তৃতি প্রায় ২৬ হাজার আলোকবর্ষ জুড়ে। গবেষকরা জানিয়েছেন, ছায়াপথ দুটির কেন্দ্রে রয়েছে সুপারম্যাসিভ ব্ল্যাকহোল, যা সংঘর্ষের জটিলতায় আরও রহস্য যুক্ত করছে।
চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মিংইউ লি জানান, ‘আমরা কসমস নামের পরিচিত একটি ক্ষেত্রের রেডিও বিশ্লেষণের সময় এই ছায়াপথ জোড়াটি দেখতে পাই। প্রায় ৩ কোটি ৮০ লাখ বছর আগে সংঘর্ষ শুরু হয়। এই গ্যালাকটিক সংঘর্ষ কয়েক শতকোটি বছর স্থায়ী হতে পারে।’
সংঘর্ষটি শুধু মহাজাগতিক বিবর্তনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি ‘স্টারবার্স্ট’-এর মত নতুন তারা তৈরির প্রক্রিয়াও ত্বরান্বিত করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ওই এলাকায় তারাগুলোর ব্যাপক জন্ম চলছে, যা মহাবিশ্বে তারা সৃষ্টির গতিপ্রকৃতি সম্পর্কে নতুন ধারণা দিতে পারে।
জেমস ওয়েব টেলিস্কোপের পাশাপাশি অন্যান্য পর্যবেক্ষণ যন্ত্রের মাধ্যমে সংগৃহীত ছবি ও তথ্য স্পেকট্রোস্কোপি ও গভীর ইমেজিংয়ের সাহায্যে বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে এই ধরনের গ্যালাকটিক সংঘর্ষের বিস্তারিত বিশ্লেষণ থেকে মহাকাশের বিবর্তন, বলয় গঠন এবং ব্ল্যাকহোল সংক্রান্ত আরও তথ্য জানা যাবে।
সূত্র: এনডিটিভি
মতামত দিন