মঙ্গল গ্রহে মরূদ্যান গড়ার স্বপ্ন দেখছে ইউরোপীয় মহাকাশ সংস্থা।
মঙ্গল গ্রহে মানববসতির স্বপ্ন বাস্তবায়নে এবার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা প্রকাশ করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসা)। আগামী ১৫ বছরের মধ্যে লাল গ্রহে স্বনির্ভর আবাসস্থল নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর কৃষি এবং প্রযুক্তিনির্ভর জীবনব্যবস্থার পরিকল্পনা নিচ্ছে সংস্থাটি।
এর আগে নাসা, স্পেসএক্স ও ইলন মাস্ক মঙ্গল অভিযানে সক্রিয় ভূমিকা রাখলেও ইউরোপ এবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করল। ‘টেকনোলজি ২০৪০’ নামের এই কর্মপরিকল্পনায় ইসা মহাশূন্যে ইউরোপের দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করতে চায়।
ইসার মহাপরিচালক জোসেফ অ্যাশবাচার বলেন, “এই উদ্যোগ শুধু একটি বিজ্ঞানভিত্তিক মিশন নয়, বরং এটি মানবজাতির পরবর্তী বসতি গড়ার প্রস্তুতি।”
পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলে তৈরি হবে মরূদ্যানসদৃশ বসতি, যেখানে থাকবে স্বয়ংক্রিয় এআই সিস্টেম, রোবোটিক সহকারী, স্মার্ট সেন্সরযুক্ত অবকাঠামো, বর্জ্য পুনর্ব্যবহার ব্যবস্থা এবং সৌরশক্তি বা অন্যান্য প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা।
সর্বোচ্চ খাদ্য স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যে নিয়ন্ত্রিত গ্রিনহাউসে উৎপাদন করা হবে আলু, ধান ও পাতাজাতীয় শাকসবজি। জল, তাপমাত্রা এবং গ্যাসের ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হবে উন্নত সেন্সর প্রযুক্তি।
বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ অভিযানের ইতিহাসে এটি এক নতুন অধ্যায় হতে চলেছে, যেখানে বিজ্ঞান ও কল্পনার সীমানা মুছে গিয়ে এক নতুন বাস্তবতা তৈরি হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মতামত দিন