বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আগামীকাল বাংলাদেশে বিএমইউতে প্রথম রোবোটিক রিহ্যাব সেন্টার চালু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে পক্ষাঘাত ও স্নায়ুজনিত জটিলতায় ভোগা রোগীদের পুনর্বাসনে রোবোটিক চিকিৎসার যুগে প্রবেশ করতে যাচ্ছে দেশ। রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) চালু হচ্ছে দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার।

চীনের সহায়তায় গড়ে ওঠা এই আধুনিক সেন্টারে রয়েছে ৬২টি অত্যাধুনিক রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর। প্রযুক্তিনির্ভর এই পুনর্বাসনকেন্দ্র দক্ষিণ এশিয়ায় অন্যতম উন্নত বলে দাবি সংশ্লিষ্টদের।

চীনের সরকার এই প্রকল্পে প্রায় ২০ কোটি টাকার রোবোটিক যন্ত্রপাতি অনুদান হিসেবে দিয়েছে। এতে স্ট্রোক, পক্ষাঘাত, দুর্ঘটনাজনিত অঙ্গব্যাধি ও দীর্ঘমেয়াদি ব্যথায় ভোগা রোগীরা অত্যন্ত নির্ভুল ও কাঙ্ক্ষিত সেবা পাবেন।

সেন্টার চালুর প্রস্তুতি হিসেবে চীন থেকে আগত বায়োমেডিক্যাল বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ২৭ জন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে চালু হলেও, পর্যায়ক্রমে এটি পূর্ণাঙ্গভাবে খোলা হবে সাধারণ মানুষের জন্যও।

বিশেষ উদ্যোগ হিসেবে ৯০’র গণঅভ্যুত্থনে আহতদের বিনামূল্যে রোবোটিক চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা ব্যয় সীমিত রেখে রোগীদের আর্থিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা দেওয়ার চেষ্টা করা হবে।

প্রযুক্তির এই নতুন সংযোজন বাংলাদেশের চিকিৎসা খাতে এক যুগান্তকারী ধাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্নায়ুজনিত রোগীদের চিকিৎসায় এটি একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

মতামত দিন