বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মহাকাশে হারিয়ে গেল ৮৮ মিলিয়ন ডলারের গ্রিনহাউস গ্যাস পর্যবেক্ষক স্যাটেলাইট।

নিজস্ব প্রতিবেদক:

গ্রিনহাউস গ্যাস নির্গমন পর্যবেক্ষণের জন্য মহাকাশে পাঠানো একটি স্যাটেলাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে কার্যকারিতা হারিয়ে বর্তমানে মহাকাশেই নিখোঁজ হয়ে গেছে। প্রায় ৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত স্যাটেলাইটটি যৌথভাবে অর্থায়ন করেছিল আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং নিউজিল্যান্ড সরকার।

স্যাটেলাইটটির মূল উদ্দেশ্য ছিল মিথেন গ্যাস নির্গমন শনাক্ত ও বিশ্লেষণ করা। এটি যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা তহবিলের একটি প্রকল্প হিসেবে তৈরি হয়, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে তেল ও গ্যাসক্ষেত্রে গ্যাস লিকেজ শনাক্ত করে বৈশ্বিক উষ্ণায়ন রোধে ভূমিকা রাখার  কথা ছিল।

নিউজিল্যান্ড স্পেস এজেন্সির কর্মকর্তা অ্যান্ড্রু জনসন জানান, "এই ব্যর্থতা আমাদের জন্য হতাশাজনক।  তবে মহাকাশ অভিযানে এমন চ্যালেঞ্জ অপ্রত্যাশিত নয়।"

পরিবেশ প্রতিরক্ষা তহবিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যামি মিডলটন বলেন, “আমরা এটিকে ব্যর্থতা নয়, বরং একটি বিপত্তি হিসেবে দেখছি।” তিনি জানান, গত বছরের মার্চে ‘মিথেনস্যাট’ নামের এই স্যাটেলাইটের কার্যক্রম শুরু হয়েছিল।

বিজ্ঞানীদের মতে, মিথেন একটি অত্যন্ত শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, যা ২০ বছরের মধ্যে কার্বন ডাই–অক্সাইডের চেয়ে প্রায় ৮০ গুণ বেশি উষ্ণতা উৎপন্ন করে। তাই এই গ্যাস নির্গমন রোধ না করলে বৈশ্বিক উষ্ণায়ন ভয়াবহ রূপ নিতে পারে।

সাম্প্রতিক এই ঘটনাটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৌশলের ওপর নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে। এখন দেখা যাচ্ছে, উচ্চ ব্যয়ের এমন মহাকাশ প্রকল্পেও অনিশ্চয়তা ও বিপর্যয়ের আশঙ্কা থেকে যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন