বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের ভিড়, উদ্বেগ জানাচ্ছেন বিজ্ঞানীরা।

নিজস্ব প্রতিবেদক:

পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ানো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিজ্ঞানীদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে কক্ষপথে স্যাটেলাইট গ্রহণের সক্ষমতা শিগগিরই সর্বোচ্চ সীমায় পৌঁছে যেতে পারে।
তবে এমন সতর্কতা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা নিয়মিত নতুন  স্যাটেলাইট পাঠিয়ে চলেছে মহাকাশে।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বর্তমানে পৃথিবীর কক্ষপথে মোট ১২ হাজার ৯৫২টি সক্রিয় স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই উৎক্ষেপণ করা হয়েছে ১৪৫টি নতুন স্যাটেলাইট।

সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পরিচালিত স্যাটেলাইটের সংখ্যা ৮ হাজার ৫৩০টির বেশি। এর মধ্যে স্টারলিংক প্রকল্পের আওতায় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স একাই পাঠিয়েছে ৭ হাজার ৪০০টিরও বেশি উপগ্রহ, যা পৃথিবীব্যাপী ইন্টারনেট সেবা সম্প্রসারণে ব্যবহৃত হচ্ছে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, যাদের সক্রিয় স্যাটেলাইট সংখ্যা ১ হাজার ৫৫৯টি। তৃতীয় অবস্থানে রয়েছে চীন, যারা মহাকাশে পাঠিয়েছে ৯০৬টি স্যাটেলাইট।

যুক্তরাজ্য ৭৬৩টি এবং জাপান ২০৩টি স্যাটেলাইট পাঠিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। ফ্রান্সও উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে—যদিও তাদের নির্ভুল সংখ্যা পাওয়া যায়নি, তবে এটি ১০০-এর বেশি বলে জানা গেছে।

ভারত ও জার্মানি রয়েছে সপ্তম ও অষ্টম স্থানে। তাদের পাঠানো স্যাটেলাইটের সংখ্যা যথাক্রমে ১৩৬ ও ৮২টি। নবম ও দশম স্থানে রয়েছে ইতালি (৬৬টি) এবং কানাডা (৬৪টি)।

বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, যদি এই হারে নতুন স্যাটেলাইট যুক্ত হতে থাকে, তাহলে ভবিষ্যতে মহাকাশে স্যাটেলাইট সংঘর্ষ, আবর্জনার আধিক্য এবং রেডিও তরঙ্গের বিঘ্নের মতো জটিলতা সৃষ্টি হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন