বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

কানাডায় সন্ধান মিলেছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিলার।

নিজস্ব প্রতিবেদক:

কানাডার উত্তর কুইবেক প্রদেশের ইনুকজুয়াক নামক প্রত্যন্ত অঞ্চলে পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিলা আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। নুনাভিক এলাকায় পাওয়া এই শিলাগুলোর আনুমানিক বয়স ৪১৬ কোটি বছর, যা পৃথিবীর প্রাথমিক ইতিহাস জানার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই শিলাগুলোর মধ্যে হেডিয়ান যুগের অস্তিত্ব ও চিহ্ন পাওয়া যেতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। পৃথিবীর জন্মকাল অর্থাৎ হেডিয়ান যুগ ছিল প্রায় ৪৬০ কোটি বছর আগে, যখন গ্রহটি ছিল উত্তপ্ত ও লাভায় পূর্ণ।সেই সময়ের ভূতাত্ত্বিক নমুনা পাওয়া অত্যন্ত বিরল, কারণ অনেক প্রাচীন শিলা ভূত্বকের বিবর্তনে নষ্ট হয়ে গেছে বা পরিবর্তিত হয়েছে।

বিজ্ঞানীরা জানান, ২০১৭ সালেই ইনুকজুয়াক অঞ্চলে এই প্রাচীন শিলার সন্ধান পাওয়া গিয়েছিল। প্রথম পর্যবেক্ষণে ধারণা করা হয়েছিল, শিলাগুলোর বয়স ৩৭৫ থেকে ৪৩০ কোটি বছরের মধ্যে হতে পারে। পরবর্তীতে উন্নত রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতি প্রয়োগ করে নিশ্চিত হওয়া যায়, আগ্নেয়গিরির গভীর স্তর থেকে উঠে আসা এই শিলার বয়স ৪১৬ কোটি বছর।

হেডিয়ান যুগে পৃথিবী ছিল চরম আগ্নেয় সক্রিয়তার মধ্যে। তীব্র তাপ, বিষাক্ত গ্যাস, গলিত শিলা আর লাভার সমুদ্রে ঢাকা এই গ্রহ ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে প্রায় ৪০০ কোটি বছর আগে। সেই সময়েই পৃথিবীর পৃষ্ঠে কঠিন ভূত্বক গঠিত হয় এবং বাষ্প থেকে গঠিত হতে থাকে মহাসাগর।

বিজ্ঞানীরা বলছেন, এই শিলার রচনাবৈশিষ্ট্য বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর শুরুর সময়ের ভূতাত্ত্বিক ও পরিবেশগত পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন