চাঁদের দিকে ধেয়ে আসছে বিরল গ্রহাণু ওয়াইআর৪, সতর্ক বিজ্ঞানীরা।
নাসার হিসাব অনুযায়ী, গ্রহাণুটি ২০৩১ সালে চাঁদে আঘাত হানতে পারে। চাঁদে আঘাত হানার সম্ভাবনা বর্তমানে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ফেব্রুয়ারিতে ছিল মাত্র ১ দশমিক ৭ শতাংশ। ধীরে ধীরে এ সম্ভাবনা বাড়ছে বলে জানানো হয়েছে নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের সাম্প্রতিক পর্যবেক্ষণে।
ওয়াইআর৪ প্রথম শনাক্ত হয় ২০২৪ সালের ২৭ ডিসেম্বর, হাওয়াইয়ের একটি গ্রহাণু শনাক্তকারী সিস্টেমের মাধ্যমে। এর আগেও গ্রহাণুটি পৃথিবীর বেশ কাছ দিয়ে অতিক্রম করেছিল। এরপর ২০২৫ সালের মে মাসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটির বিস্তারিত গঠন ও কক্ষপথ সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এর আকার প্রায় ১৭৪ থেকে ২২০ ফুট— অর্থাৎ প্রায় ১০ তলা ভবনের সমান।
গ্রহাণুটি প্রতি চার বছর পরপর সূর্যকে প্রদক্ষিণ করে এবং ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ এটি আবার পৃথিবীর দিকে ধাবিত হবে। তবে ২০৩১ সালের সম্ভাব্য সংঘর্ষের সময় এটি চাঁদের খুব কাছাকাছি আসবে। যদি চাঁদের গায়ে আঘাত হানে, তবে এটি হবে বিজ্ঞানীদের জন্য বিরল এক গবেষণার সুযোগ। কারণ সাধারণত এ ধরনের সংঘর্ষ পর্যবেক্ষণ করা সম্ভব হয় না।
নাসা জানিয়েছে, গ্রহাণু ওয়াইআর৪ একটি অত্যন্ত বিরল ধরণের বস্তু, যার মতো ঘটনা এক হাজার বছরে একবার ঘটে থাকে। চাঁদের বুকে এ ধরনের আঘাত পৃথিবীর পরিবেশেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন মহাকাশ গবেষকরা, বিশেষত যদি ধ্বংসাবশেষ পৃথিবীমুখী হয়।
বিজ্ঞানীরা বলছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে তারা নজরদারি অব্যাহত রেখেছেন এবং সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও চলছে।
তথ্যসূত্র: এনডিটিভি, নাসা

মতামত দিন