বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আইনস্টাইনের তত্ত্ব ব্যবহার করেই আবিষ্কার,গ্যালাকটিক প্রান্তে বিরল গ্রহের সন্ধান।

নিজস্ব প্রতিবেদক:

লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল দূর মহাবিশ্বে একটি নতুন বহির্গ্রহের খোঁজ পেয়েছে। ‘২০২১উয়ে বি’ নামের এই বৃহস্পতি-সদৃশ গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৩ হাজার ২০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

বিশেষত মহাকর্ষীয় মাইক্রোলেন্সিং প্রযুক্তির সাহায্যে এই গ্রহ শনাক্ত করা হয়, যা আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ওপর ভিত্তি করে বিকশিত। এই পদ্ধতিতে কোনো গ্রহ বা বস্তু দূরবর্তী কোনো নক্ষত্রের সামনে দিয়ে গেলে, তার আলো কীভাবে বাঁকে ও বাড়ে—তা পর্যবেক্ষণ করেই নতুন গ্রহ চিহ্নিত করা হয়।

গ্রহটি একটি ক্ষুদ্র এম-ধরণের বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, যার এক কক্ষপথ পূর্ণ হতে সময় লাগে প্রায় ১১ বছর। ২০২১ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থার গায়া টেলিস্কোপে প্রথম এর অস্তিত্ব লক্ষ্য করা যায়। সম্প্রতি এটি নিয়ে বিস্তারিত গবেষণা প্রকাশ পেয়েছে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস জার্নালে।

গবেষণা দলের প্রধান মারিয়াস মাসকোলিউনাস বলেন, “এ ধরনের আবিষ্কার অনেক ধৈর্য ও পরিশ্রমের ফল। এমন ঘটনা খুঁজে পেতে হাজার হাজার তথ্য বিশ্লেষণ করতে হয় এবং অনেক সময় অপেক্ষা করতে হয় সঠিক সংযুক্তির জন্য।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “এটা অনেকটা ছায়া দেখে অদৃশ্য কোনো পাখিকে শনাক্ত করার মতো, আপনি সরাসরি দেখতে না পেলেও তার উপস্থিতি ও বৈশিষ্ট্য অনুমান করতে পারেন।”

বিজ্ঞানীরা মনে করছেন, ছায়াপথের এমন প্রান্তে এত বড় গ্রহের অস্তিত্ব গ্রহ গঠনের প্রচলিত ধারণার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি ভবিষ্যতের গবেষণায় নতুন দিক উন্মোচন করতে পারে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন