সাধারণ টাইপ-সি ক্যাবল এখন সাইবার হামলার হাতিয়ার।
প্রতিদিনের ব্যবহৃত ইউএসবি টাইপ-সি ক্যাবল এখন আর কেবল চার্জ বা ডেটা আদান-প্রদানের কাজেই সীমিত নয়। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে এটিও রূপ নিচ্ছে সাইবার অপরাধীদের ভয়ংকর এক অস্ত্রে।
সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, হ্যাকাররা এখন এমন ‘স্মার্ট’ ক্যাবল তৈরি করছে, যেগুলোর ভেতরে বসানো হচ্ছে অদৃশ্য মাইক্রোচিপ—যা ফোন বা ল্যাপটপে সংযুক্ত হলেই তথ্য হাতিয়ে নিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বাজারে থাকা কিছু ক্যাবল দিয়ে সহজেই করা যাচ্ছে কী-লগিং (যেটি কীবোর্ডে টাইপ করা প্রতিটি তথ্য রেকর্ড করে), দূর থেকে ডেটা পাঠানো, এমনকি পুরো ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়ার মতো কার্যক্রম।
O.MG ক্যাবলের উদাহরণ
মূলত প্রশিক্ষণের জন্য তৈরি ‘O.MG’ নামের একটি টাইপ-সি ক্যাবল সবার চোখ খুলে দিয়েছে। এটি দেখিয়েছে—একটি সাধারণ ক্যাবলের মাধ্যমে কীভাবে করা যায় হ্যাকিং, গুপ্তচরবৃত্তি ও ম্যালওয়্যার ইনজেকশন।
পাবলিক চার্জিং পয়েন্ট মানেই ঝুঁকি?
বিমানবন্দর, হোটেল, কফি শপ বা শপিং মলে থাকা পাবলিক চার্জিং স্টেশনগুলো এখন বড় ধরনের ঝুঁকির উৎস হতে পারে। এমনকি সেখানকার ক্যাবল বা চার্জার ব্যবহার করলেই আপনার ফোনের গোপন তথ্য কয়েক সেকেন্ডে চলে যেতে পারে হ্যাকারদের কাছে।
বিশেষজ্ঞদের পরামর্শ কী?
-
পাবলিক জায়গার চার্জার বা ক্যাবল ব্যবহার না করা
-
শুধুমাত্র নিজস্ব বা নির্ভরযোগ্য উৎস থেকে কেনা ক্যাবল ব্যবহার
-
চার্জিংয়ের সময় ‘ডেটা ট্রান্সফার’ ব্লক করে দেওয়া
-
ইউএসবি কন্ডোম বা ডেটা ব্লকার ব্যবহার করা
প্রযুক্তিনির্ভর এই যুগে নিরাপদ থাকার জন্য প্রয়োজন সচেতনতা। কারণ আপনার ফোন বা ল্যাপটপের সঙ্গে যুক্ত সাধারণ এক টুকরো তারই হয়ে উঠতে পারে ভয়ঙ্কর সাইবার ঝুঁকির উৎস।

মতামত দিন