হিমবাহ গলে যাওয়ার কারণে আল্পসে বাড়ছে ভূমিকম্প।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আল্পস অঞ্চলের মাউন্ট ব্ল্যাংক পর্বতের শিখর ‘গ্র্যান্ডেস জোরাসেস’-এর নিচে ভূকম্পন সংক্রান্ত তৎপরতা লক্ষ করা যাচ্ছে। গবেষণায় উঠে এসেছে, ২০১৫ সালের ভয়াবহ তাপপ্রবাহের পর থেকেই সেখানে ছোট আকারের ভূমিকম্পের মাত্রা ও ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞানীদের মতে, ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতার প্রভাবে গলে যাওয়া হিমবাহের পানি ভূগর্ভের শিলাস্তরে প্রবেশ করে চাপ সৃষ্টি করছে। ফল্ট লাইনের এই জলীয় চাপ একসময় ভূমিকম্পের ট্রিগার হিসেবে কাজ করছে। এ ধরনের ভূমিকম্প প্রতি এক থেকে দুই বছরের ব্যবধানে ঘন ঘন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।
তাদের আশঙ্কা, দীর্ঘ সময় ধরে চাপ তৈরি হলে হঠাৎ করে একটি নির্দিষ্ট পয়েন্টে পৌঁছালে বড় ধরনের ভূমিকম্প ঘটতে পারে। যদিও আপাতত আল্পসে অবস্থিত মন্ট ব্ল্যাংক টানেলের মতো স্থাপনাগুলো সরাসরি ঝুঁকিতে নেই, তবে ভবিষ্যতের জন্য এই প্রবণতা বড় হুমকির ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, শুধু আল্পস নয়, হিমালয়সহ অন্যান্য হিমবাহপূর্ণ অঞ্চলেও একই ধরনের বিপদ ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে ভূতাত্ত্বিক পরিবর্তনের এ ধরনের সংযোগ ভবিষ্যৎ দুর্যোগ ব্যবস্থাপনার কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে।
তথ্যসূত্র: এনডিটিভি
মতামত দিন