বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো নতুন রক্তের গ্রুপ শনাক্ত করলো ফরাসি বিজ্ঞানীরা।

নিজস্ব প্রতিবেদক:

মানবদেহে রক্তের নতুন একটি গ্রুপের সন্ধান পেয়েছেন ফ্রান্সের জাতীয় রক্ত সঞ্চালন সংস্থার (The French Blood Establishment) গবেষকরা। নতুন এই গ্রুপটির নামকরণ করা হয়েছে ‘গোয়াডা নেগেটিভ’।

এটি রক্তবিজ্ঞানের জগতে একটি বিরল ও গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।

গোয়াডেলুপ নামের ক্যারিবীয় দ্বীপ থেকে আসা এক নারীর শরীরে এই রক্তের গ্রুপের খোঁজ মেলে। ১৫ বছর আগে অস্ত্রোপচারের আগে তার শরীর থেকে সংগ্রহ করা রক্তের নমুনা বিশ্লেষণ করতে গিয়েই বিষয়টি প্রথম নজরে আসে। তবে তখন রক্তে বিরল এক ধরনের অ্যান্টিবডি ধরা পড়লেও বিস্তারিত বিশ্লেষণে সময় লেগে যায়। পরে ২০১৯ সালে ডিএনএ সিকোয়েন্সের মাধ্যমে নারীর রক্তে জেনেটিক মিউটেশন শনাক্ত হয়, যা ছিল পরিচিত সব রক্তের গ্রুপ থেকে ভিন্ন।

সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অব ব্লাড ট্রান্সফিউশন (ISBT) এই নতুন রক্তের গ্রুপকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

‘দ্য ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্ট’-এর বিজ্ঞানী থিয়েরি পেয়ারার্ড জানান, এ আবিষ্কারে মানব রক্তের বৈচিত্র্য সম্পর্কে নতুন ধারণা পাওয়া যাচ্ছে। তার মতে, ওই নারীর শরীরে বিরল একটি জেনেটিক বৈশিষ্ট্যের কারণে এই গ্রুপ তৈরি হয়েছে এবং তিনি মা–বাবা উভয়ের কাছ থেকেই পরিবর্তিত জিন পেয়েছেন।

সাধারণভাবে মানুষের রক্ত চারটি প্রধান গ্রুপে ভাগ করা হয়—এ, বি, এবি এবং ও, যা আবার পজেটিভ ও নেগেটিভ ভাগে বিভক্ত। তবে রক্তের জটিলতা এতটাই বেশি যে বিজ্ঞানীরা এর পেছনের জেনেটিক উপাদান বিশ্লেষণ করে আরও বহু বিরল গ্রুপ শনাক্ত করছেন।

প্রথম রক্তের গ্রুপ শনাক্ত হয়েছিল প্রায় এক শতাব্দী আগে। সাম্প্রতিক জেনেটিক সিকোয়েন্স প্রযুক্তির উন্নতির ফলে এখন আরও নতুন গ্রুপ শনাক্ত করা সম্ভব হচ্ছে। বিজ্ঞানীরা আশা করছেন, এই ধরণের আবিষ্কার রক্তদানের নিরাপত্তা এবং জটিল ট্রান্সফিউশন পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: পপুলার মেকানিকস, ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন