বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

নিকটবর্তী নক্ষত্রের আকর্ষণে কক্ষচ্যুত হতে পারে পৃথিবী।

নিজস্ব প্রতিবেদক:

ভবিষ্যতের কোনো এক সময়ে পৃথিবী হয়তো তার পরিচিত কক্ষপথ হারিয়ে ফেলতে পারে, এমনকি সৌরজগত থেকেও উৎখাত হতে পারে—এমনই এক চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সৌরজগতের পার্শ্ববর্তী অঞ্চলে চলমান নক্ষত্রগুলোর প্রভাবে ভবিষ্যতে গ্রহগুলোর কক্ষপথে বিপজ্জনক পরিবর্তন আসতে পারে।

‘ইকারাস’ নামের জ্যোতির্বিজ্ঞানবিষয়ক জার্নালে প্রকাশিত গবেষণাটিতে নাথান কাইব ও শন রেমন্ড নামের দুই বিজ্ঞানী বিশদভাবে ব্যাখ্যা করেছেন, কীভাবে ভবিষ্যতে সূর্যের মতো ভরের কোনো একটি তারকা যদি আমাদের সৌরজগতের একেবারে প্রান্তে, প্রায় ১০ হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের (AU) মধ্যে দিয়ে অতিক্রম করে, তাহলে তা ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে।

তাদের গবেষণায় উঠে এসেছে কিছু সম্ভাব্য ঝুঁকির চিত্র:

বুধ: কক্ষপথের স্থিতিশীলতা হারানোর আশঙ্কা ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত।

প্লুটো: দীর্ঘমেয়াদে প্রায় ৫ শতাংশ ঝুঁকিতে রয়েছে কক্ষচ্যুতির।

মঙ্গল: ০.৩ শতাংশ সম্ভাবনা রয়েছে সংঘর্ষ বা সৌরজগত থেকে উৎখাত হওয়ার।

পৃথিবী: ০.২ শতাংশ ঝুঁকি রয়েছে ভয়াবহ সংঘর্ষে জড়ানো কিংবা সৌরজগত থেকে ছিটকে পড়ার।

বিশেষজ্ঞদের মতে, কোনো নিকটবর্তী নক্ষত্র যদি বুধের কক্ষপথকে ব্যাহত করে, তবে এই অস্থিরতার তরঙ্গ শুক্র বা মঙ্গলকে পৃথিবীর পথে ঠেলে দিতে পারে। একপর্যায়ে পৃথিবী হয়তো সূর্যের দিকেই ধাবিত হবে, কিংবা বৃহস্পতির গ্র্যাভিটেশনাল ফোর্সে সৌরজগত ছাড়িয়ে বহির্বিশ্বে ছিটকে যেতে পারে।

এই বিশ্লেষণে আরও বলা হয়েছে, বর্তমানে আমরা যেভাবে ভাবি যে পাঁচশ কোটি বছর পর সূর্যের রূপান্তরের ফলে পৃথিবী নিশ্চিহ্ন হবে—সেই বিনাশ আসতে পারে আরও আগেই, যদি কোনো ভবঘুরে নক্ষত্র আমাদের গ্রহপুঞ্জের ভারসাম্য নষ্ট করে দেয়।

গবেষণাটিকে ঘিরে বিজ্ঞান মহলে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক ও ভাবনার খোরাক। যদিও এই সম্ভাব্যতা তুলনামূলকভাবে কম, তবে এটি সৌরজগতের জ্যোতির্বিজ্ঞানীয় ভবিষ্যৎকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলছে বলে মত দিয়েছেন গবেষকেরা।

সূত্র: এনডিটিভি

মতামত দিন