বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

অ্যান্টার্কটিকার গভীর সমুদ্রে জীবিত লাল স্কুইডের বিরল আবিষ্কার।

নিজস্ব প্রতিবেদক:

প্রথমবারের মতো অ্যান্টার্কটিকার গভীর সমুদ্রে একটি জীবিত অ্যান্টার্কটিক গোনেট স্কুইড শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। আগে কখনো এই বিরল সেফালোপড প্রাণীটিকে জীবন্ত দেখা যায়নি।

বিজ্ঞানীদের মতে,এটি এক ঐতিহাসিক আবিষ্কার।

এই অভিযান পরিচালনা করেছে স্মিট ওশান ইনস্টিটিউট। তাদের গবেষণা জাহাজ আরভি ফ্যালকোর মাধ্যমে সমুদ্রের প্রায় ৯,৮০০ ফুট গভীরে থাকা পাওয়েল বেসিনের আশপাশে অনুসন্ধান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া গবেষক ম্যানুয়েল নোভিলো জানান, বরফে ঢাকা সমুদ্রের কারণে মূল পরিকল্পনা পরিবর্তন করে বিকল্প একটি এলাকায় অনুসন্ধান চালানো হয়, আর সেখানেই ধরা পড়ে অজানা এই প্রাণী।

বিজ্ঞানীরা স্কুইডটির আচরণ কয়েক মিনিট পর্যবেক্ষণ করেন এবং বিশেষ লেজার প্রযুক্তির সাহায্যে তার  দৈর্ঘ্য পরিমাপ করেন। এরপর স্কুইডটি অন্ধকার জলের গহীনে মিলিয়ে যায়। ফলে তার লিঙ্গ বা বয়স নির্ধারণ করা যায়নি।

এই স্কুইডের নমুনার তথ্য পাঠানো হয় নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির সেফালোপড বিশেষজ্ঞ ক্যাট বলস্ট্যাডের কাছে। তিনি নিশ্চিত করেন যে এটি একটি অ্যান্টার্কটিক গোনেট স্কুইড এবং এটিই এমন জীবিত স্কুইডের প্রথম ভিডিওচিত্র। বলস্ট্যাড জানান, প্রাণীটির শরীরে বড় বড় হুক রয়েছে, যা সম্ভবত শিকার ধরার সময় ব্যবহার হয়।

এই আবিষ্কার শুধু বিরল একটি প্রজাতির অস্তিত্বকে বাস্তবে তুলে আনার দৃষ্টান্ত নয়, বরং অ্যান্টার্কটিকার রহস্যময় সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে নতুন গবেষণার দরজা খুলে দিয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সূত্র: এনডিটিভি ও লাইভ সায়েন্স

মতামত দিন