অ্যান্টার্কটিকার বরফের নিচে খোঁজ মিলল রহস্যময় রেডিও সংকেতের।
এই বিস্ময়কর আবিষ্কার এসেছে ‘অ্যান্টার্কটিক ইমপালসিভ ট্রানজিয়েন্ট অ্যানটেনা’ (ANITA) নামের এক বিশেষ বেলুনভিত্তিক রেডিও ডিটেক্টর প্রযুক্তির মাধ্যমে। মূলত উচ্চ-শক্তির নিউট্রিনো কণা শনাক্ত করার উদ্দেশ্যে পরিচালিত একটি পরীক্ষায় ঘটনাক্রমে ধরা পড়ে এই অস্বাভাবিক রেডিও তরঙ্গ।
গবেষক স্টেফানি উইসেল জানিয়েছেন, তরঙ্গগুলো বরফের পৃষ্ঠ থেকে প্রায় ৩০ ডিগ্রি কোণে উঠে আসছিল। তিনি বলেন, “তরঙ্গগুলোর উৎস ছিল বরফের গভীর স্তর। এমন সংকেত সাধারণত দেখা যায় না। সূর্য বা সুপারনোভার মতো উচ্চ শক্তির ঘটনা থেকে নির্গত কণাগুলো থেকেই এমন তরঙ্গ তৈরি হতে পারে, কিন্তু এখানে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে।”
বিশেষজ্ঞরা বলছেন, এই তরঙ্গগুলো চার্জবিহীন কণার থেকে সৃষ্টি হয়েছে, যেগুলোর ভর অত্যন্ত কম। এই কণাগুলো সাধারণত বৃহৎ মহাজাগতিক উৎস থেকে আসে এবং আমাদের পৃথিবীতে প্রবেশ করার সময় ভিন্ন ভিন্ন পরিবেশের মধ্য দিয়ে যাওয়ায় বিকৃত হয়ে পড়ে। এতদূর থেকে আসা সংকেত শনাক্ত করাও সহজ নয়।
গবেষণার পরবর্তী ধাপে বিজ্ঞানীরা ‘পিইউইও’ নামে একটি উন্নত ডিটেক্টর ব্যবহার করে সংকেতগুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করতে চান। তাঁদের আশা,এতে করে এসব রেডিও তরঙ্গের উৎস এবং বৈশিষ্ট্য সম্পর্কে পরিষ্কার ধারণা মিলবে।
এখন পর্যন্ত এই অদ্ভুত তরঙ্গের সুনির্দিষ্ট ব্যাখ্যা না মিললেও, বিজ্ঞানীদের মতে এটি হতে পারে মহাকাশ সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণে এক নতুন দিগন্তের সূচনা।

মতামত দিন