বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মাত্র ৩৫ বছরেই কঠিন শিলায় রূপ নিচ্ছে শিল্পবর্জ্য: নতুন গবেষণা।

নিজস্ব প্রতিবেদক:

আধুনিক শিল্পকারখানার বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে—এমন আশঙ্কা বহুদিনের। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, এসব শিল্পবর্জ্য অপেক্ষাকৃত অল্প সময়েই ভূতাত্ত্বিক পরিবর্তনের মধ্য দিয়ে কঠিন শিলায় পরিণত হচ্ছে।

ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও ভূবিজ্ঞান অনুষদের গবেষক দল জানিয়েছে, ইস্পাত উৎপাদনের সময় তৈরি হওয়া কঠিন বর্জ্য—যাকে স্ল্যাগ বলা হয়—মাত্র কয়েক দশকের মধ্যেই পাথরে রূপ নিচ্ছে। এই  স্ল্যাগে থাকে ক্যালসিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেশিয়ামের অক্সাইড, যা পরিবেশে নির্দিষ্ট প্রক্রিয়ার  মাধ্যমে কঠিন পদার্থে পরিণত হয়।

গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে ভূবিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী Geology-তে। এতে নেতৃত্ব দেন বিজ্ঞানী আমান্ডা ওয়েন। তিনি বলেন, “এটি এমন এক পরিবর্তন, যেটি স্বাভাবিকভাবে কয়েক লাখ বছরেও ঘটত না। অথচ এখন দেখা যাচ্ছে, মাত্র কয়েক দশকে মানবসৃষ্ট বর্জ্য ভূতাত্ত্বিক প্রক্রিয়ার অংশ হয়ে যাচ্ছে।”

গবেষণা দলের আরেক সদস্য জন ম্যাকডোনাল্ড জানান, তাঁরা বিভিন্ন সময়ে তৈরি কিছু উপকরণের ভিত্তিতে এই রূপান্তরের সময়সীমা নির্ণয় করতে পেরেছেন। “আমরা ১৯৩০-এর দশকে তৈরি একটি ব্রিটিশ মুদ্রা এবং ১৯৮৯ সালের একটি অ্যালুমিনিয়াম ক্যানের উপস্থিতি পেয়েছি। সেখান থেকেই অনুমান করা যায়,বর্জ্য থেকে পাথরে রূপান্তরের সময়কাল সর্বোচ্চ ৩৫ বছর।”

গবেষকেরা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের পরিবর্তন মানবসভ্যতার ভূতাত্ত্বিক চিহ্ন হিসেবে ভবিষ্যতে থেকে যাবে। তাঁরা মনে করেন, শিল্পবর্জ্যের দ্রুত রূপান্তর একটি নতুন ভূতাত্ত্বিক যুগ—‘অ্যানথ্রোপোসিন’-এর ইঙ্গিত বহন করছে।

এই গবেষণা পরিবেশবিদদেরও ভাবিয়ে তুলেছে। কেননা এটি প্রমাণ করে, মানবসৃষ্ট বর্জ্য শুধু জীববৈচিত্র্যের ওপর নয়, বরং পৃথিবীর ভূতাত্ত্বিক গঠনেও প্রভাব ফেলছে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন