বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

তেহরানে ইন্টারনেট বন্ধের মধ্যে স্টারলিংক চালু করলেন ইলন মাস্ক।

নিজস্ব প্রতিবেদক:

ইরানে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে যখন তেহরানে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ, তখনই স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা চালু করেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। শনিবার (১৪ জুন) সকালে এক্স (পূর্বতন টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “The beams are on”—অর্থাৎ স্টারলিংকের সংযোগ এখন সক্রিয়।

এর একদিন আগেই, শুক্রবার ভোরে ইসরায়েলের ছোড়া মিসাইলে ক্ষতিগ্রস্ত হয় ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। ওই হামলার পরপরই ইরানি সরকার রাজধানী তেহরানজুড়ে ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। সরকারিভাবে জানানো হয়, “নিরাপত্তাজনিত কারণেই” এমন পদক্ষেপ  নিতে বাধ্য হয়েছে তারা।

ইন্টারনেট বন্ধ থাকায় রাজধানীর লাখো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে। এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে স্যাটেলাইট-নির্ভর স্টারলিংক পরিষেবা সক্রিয় করে সংযোগের নতুন পথ খুলে দেন ইলন মাস্ক। স্টারলিংকের এই ইন্টারনেট পরিষেবা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখে।

মার্কিন সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং ওয়াশিংটন টাইমস জানিয়েছে, মাস্কের এমন পদক্ষেপ  ইরানের ভেতর থেকে তথ্যপ্রবাহ চালু রাখার একটি বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে যখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা তথ্যচ্যানেলগুলো একতরফা প্রচারে ব্যস্ত।

বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্কের স্টারলিংক চালু করা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি এক ধরনের  কৌশলগত হস্তক্ষেপ হিসেবেও দেখছে ইরান সরকার।

 সূত্র: টাইমস অব ইসরায়েল ও ওয়াশিংটন টাইমস

মতামত দিন