সমুদ্রগর্ভে মিললো ১ লাখ ৪০ হাজার বছরের পুরোনো শহর।
বিজ্ঞান,আজ বুধবার ২৮ মে ২০২৫:
সমুদ্রগর্ভে প্রাচীন এক শহরের খোঁজ পেয়েছেন ইন্দোনেশিয়ার বিজ্ঞানীরা, যার বয়স প্রায় ১ লাখ ৪০ হাজার বছর।জাভা ও মাদুরা দ্বীপের মধ্যবর্তী মাদুরা প্রণালিতে পলি ও বালুর স্তরের নিচে চাপা পড়ে থাকা এই শহরটি হারিয়ে যাওয়া ভূমি সুন্দাল্যান্ডের অংশ ছিল বলে মনে করা হচ্ছে।
গবেষণা বলছে, একসময় দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল গ্রীষ্মমণ্ডলীয় সমভূমির অংশ ছিল এই এলাকা। সেই শহরের চারপাশে পাওয়া গেছে কোমোডো ড্রাগন,হাতি,মহিষ, হরিণসহ অন্তত ৩৬টি প্রজাতির প্রায় ছয় হাজার প্রাণীর জীবাশ্ম। এদের কিছু জীবাশ্মে কাটা দাগ রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে, আদি মানুষ শিকার ও মাংস প্রস্তুতের জন্য যন্ত্রপাতি ব্যবহার করত।
নেদারল্যান্ডসের লিডেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ হ্যারল্ড বার্গুইস জানিয়েছেন,এই এলাকায় প্রাচীন হোমিনিন জনগোষ্ঠীর বসবাস ছিল।শহরটির নিচে পাওয়া একটি খুলির ফ্রন্টাল ও প্যারিটাল হাড় পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, এটি হোমো ইরেক্টাসদের এবং প্রায় ১ লাখ ৪০ হাজার বছর আগের।
এছাড়া গবেষকরা এখান থেকে একটি বিলুপ্ত বৃহৎ তৃণভোজী স্তন্যপায়ীর জীবাশ্মও উদ্ধার করেছেন, যার দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ ফুট এবং ওজন ১০ টনের বেশি বলে অনুমান করা হচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার দক্ষিণ-পূর্ব এশিয়ার আদি মানবজাতির জীবনযাত্রা,পরিবেশ ও টিকে থাকার পদ্ধতি নিয়ে নতুন গবেষণার পথ খুলে দেবে।হারিয়ে যাওয়া সুন্দাল্যান্ড ও প্রাচীন মানব ইতিহাস সম্পর্কে জানা যাবে বহু অজানা তথ্য।

মতামত দিন