বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মহাকাশের অতল গহ্বরে নতুন একগুচ্ছ ছায়াপথের সন্ধান।

নিজস্ব প্রতিবেদক:

বিজ্ঞান,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:

পৃথিবী থেকে প্রায় ১ হাজার ২০০ কোটি আলোকবর্ষ দূরে নতুন এক গুচ্ছ ছায়াপথ (গ্যালাক্সি) শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা ছবি বিশ্লেষণ করে কসমস ওয়েব নামক এক অঞ্চলে দেড় হাজারের বেশি ছায়াপথের উপস্থিতি ধরা পড়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

এটি এখন পর্যন্ত পাওয়া ছায়াপথের অন্যতম বৃহৎ ও গভীর গুচ্ছ।

এই আবিষ্কার মহাবিশ্বের গঠন, ছায়াপথের বিবর্তন ও মহাজাগতিক কাঠামোর বিস্তৃতি নিয়ে নতুন ধারণার  দ্বার খুলে দিয়েছে। বিজ্ঞানীদের মতে, এই ছায়াপথগুচ্ছগুলো ডার্ক ম্যাটার, উত্তপ্ত গ্যাস এবং অতিবৃহৎ কেন্দ্রীয় গ্যালাক্সি দ্বারা পূর্ণ, যেগুলোর মধ্যে অনেকেই অতিভারী কৃষ্ণগহ্বর বহন করে। ফলে এদের মধ্যে থাকা উপাদান ও শক্তির জটিল মিথস্ক্রিয়া ছায়াপথগুলোর জীবনচক্র ও গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গাসেম গোজালিয়াসল বলেন, “আমরা মহাবিশ্ব সৃষ্টির প্রথম সময়কার কিছু গ্যালাক্সিকে বাস্তবে পর্যবেক্ষণ করতে পেরেছি। এ পর্যন্ত আমরা ১,৬৭৮টি প্রোটো-ক্লাস্টার বা গ্যালাক্সি গুচ্ছ শনাক্ত করেছি, যা এ ধরনের বৃহত্তম ও গভীরতম নমুনা।”

বিজ্ঞানীরা মনে করছেন, এই গুচ্ছগুলো পর্যবেক্ষণ করে গত এক হাজার ২০০ কোটি বছরের ছায়াপথ গঠনের ইতিহাস সম্পর্কে নতুন তথ্য পাওয়া সম্ভব হবে। জেমস ওয়েব টেলিস্কোপ বর্তমানে এই গুচ্ছের ভেতরে থাকা অত্যন্ত ক্ষীণ ও দূরবর্তী ছায়াপথগুলোর ওপর নিবিড়ভাবে নজর রাখছে।

এই নতুন গবেষণার বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশিত হবে আন্তর্জাতিক সাময়িকী অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস (A&A)-এ।

মহাকাশের সুদূর অতীত উন্মোচনে এই আবিষ্কার হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ।

মতামত দিন