বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

পৃথিবীর পাশ ঘেঁষে গেল আইফেল টাওয়ার-সাইজের গ্রহাণু।

নিজস্ব প্রতিবেদক:
বিজ্ঞান,আজ সোমবার ২৬ মে ২০২৫:
আইফেল টাওয়ারের সমান আকারের একটি গ্রহাণু গত শনিবার পৃথিবীর পাশ ঘেঁষে অতিক্রম করেছে। ‘২০০৩ এমএইচ৪’ নামের গ্রহাণুটির গতি ছিল ঘণ্টায় ৩০ হাজার কিলোমিটারের বেশি।
নাসার হিসাবে এটি পৃথিবী থেকে মাত্র ৬৬ লাখ ৮০ হাজার মাইল দূরত্বে দিয়ে চলে গেছে, যা জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে যথেষ্ট কাছাকাছি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি জানিয়েছে, ৩৩৫ মিটার প্রশস্ত গ্রহাণুটি বাংলাদেশ সময় শনিবার (২৪ মে) বিকেল ৪টা ৩৭ মিনিটে পৃথিবীর কক্ষপথের খুব কাছ দিয়ে অতিক্রম করে। একে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল।

এই গ্রহাণুটি অ্যাপোলো গ্রুপের অন্তর্ভুক্ত—যেসব গ্রহাণু পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে। সাধারণত ১৪০ মিটারের বেশি আকারের এবং ৭৫ লাখ কিলোমিটারের মধ্যে প্রবেশ করা যেকোনো মহাজাগতিক বস্তুকেই পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

নাসার ‘সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ’ জানায়, যদিও ২০০৩ এমএইচ৪ থেকে সরাসরি কোনো হুমকি ছিল না, তবুও সতর্কতা অবলম্বন করা হয়। কারণ, ৯০ মিটার থেকে কয়েক কিলোমিটার ব্যাসের  গ্রহাণু যদি পৃথিবীতে আঘাত হানে, তবে তা মারাত্মক ক্ষতি ঘটাতে পারে।

তবে বিজ্ঞানীরা জানান, ছোট আকারের গ্রহাণুগুলো সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে পুড়ে নিঃশেষ হয়ে যায়, ফলে ভূমিতে পৌঁছানোর আশঙ্কা থাকে না।

সূত্র: এনডিটিভি

মতামত দিন