মাত্র ৬ মিনিটেই চার্জ হবে ব্যাটারি, সোডিয়াম প্রযুক্তিতে যুগান্তকারী উদ্ভাবন ভারতের।
লিথিয়াম-ভিত্তিক ব্যাটারির বিকল্প হিসেবে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন ভারতের বিজ্ঞানীরা। এই ব্যাটারি শুধু সস্তা নয়, চার্জও হয় অবিশ্বাস্য দ্রুতগতিতে।
জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ (জেএনসিএএসআর)-এর একদল গবেষক ‘ন্যাসিকন’ শ্রেণির ক্যাথোড-অ্যানোড উপকরণ ব্যবহার করে এই সোডিয়াম-আয়ন ব্যাটারির (SIB) উন্নয়ন করেন। গবেষণা দলে নেতৃত্ব দেন অধ্যাপক প্রেমকুমার সেনগুট্টুভান এবং পিএইচডি গবেষক বিপ্লব পাত্র।
তারা ব্যাটারির পারফরম্যান্স বাড়াতে তিনটি প্রধান পরিবর্তন এনেছেন:
-
উপাদানকে ন্যানোস্কেলে রূপান্তর,
-
পাতলা কার্বন আবরণে মোড়ানো,
-
এবং অ্যানোডে অল্প পরিমাণ অ্যালুমিনিয়াম সংযোজন।
এই পরিবর্তনের ফলে সোডিয়াম আয়নের গতি ও স্থায়িত্ব বেড়েছে অনেকগুণ। ফলে তৈরি হয়েছে এমন একটি ব্যাটারি, যা ৩ হাজার বারের বেশি রিচার্জযোগ্য এবং চার্জ হয় খুব দ্রুত।
ভারতের ক্ষেত্রে লিথিয়াম একটি আমদানিনির্ভর, ব্যয়বহুল উপাদান। এর পরিবর্তে সহজলভ্য সোডিয়াম ব্যবহার করলে ইলেকট্রিক গাড়ি, সৌর বিদ্যুৎভিত্তিক গ্রিড বা পল্লী অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় খরচ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্ভাবিত প্রযুক্তিটি ইতিমধ্যে ইলেকট্রোকেমিক্যাল সাইক্লিং ও কোয়ান্টাম সিমুলেশনসহ নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এটি এখনো বাণিজ্যিক উৎপাদনের পর্যায়ে পৌঁছায়নি; আরও গবেষণা ও পরিমার্জনার পরই বাজারে আনা হবে।

মতামত দিন