বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড ফোনের তিনটি সহজ সেটিংসেই মিলবে চুরি যাওয়া ফোনর নিরাপত্তা।

ফোন ছিনতাই বা চুরির শিকার হওয়া এখন একটি সাধারণ ঘটনা। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে কিছু সহজ সেটিংস চালু রেখে চোরের হাত থেকে ফোনের নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মাত্র তিনটি নিরাপত্তা ফিচার সক্রিয় থাকলেই ফোনটি বন্ধ করা, এরোপ্লেন মোড চালু করা বা সিম খুলে ফেলার পরও লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়।

গ্যাজেট বিশ্লেষক অভ্র রায় বলেন, ‌“অনেকেই জানেন না, ফোন চুরি হওয়ার পর সেটি সুইচ অফ করে দিলে লোকেশন ট্র্যাক করা সম্ভব হয় না। তবে ‘রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ’ অপশন চালু থাকলে ফোন বন্ধ করতে গেলেই পাসওয়ার্ড চাইবে। এতে চোরের পক্ষে ফোন বন্ধ করা কঠিন হয়ে পড়ে।”

তবে শুধুমাত্র এই ফিচার চালু করলেই হবে না। অনেক সময় চোর ফোনটি হাতে পেয়েই ‘এরোপ্লেন মোড’ চালু করে দেয়, যাতে সেটি নেটওয়ার্কের বাইরে চলে যায়। এই ফাঁদ এড়াতে অভ্র রায়ের পরামর্শ—সেটিংসে গিয়ে ‘সোয়াইপ ডাউন টু নোটিফিকেশন প্যানেল’ অপশনটি বন্ধ করে রাখা। এতে লক স্ক্রিন থেকে এরোপ্লেন মোড অন করা সম্ভব হয় না।

তৃতীয় ও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফোনের সিম কার্ড খুলে ফেলার পরও যেন তা ট্র্যাক করা যায়। এ জন্য ব্যবহারকারীকে গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশন চালু রাখতে হবে এবং তার মধ্যে থাকা ‘ফাইন্ড ইয়োর অফলাইন ডিভাইস উইথআউট নেটওয়ার্ক’ অপশনটি অন করতে হবে।

স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য আরও সুবিধা রয়েছে। অভ্র রায়ের মতে, “স্যামসাং-এর ‘অফলাইন ফাইন্ডিং’ চালু থাকলে ফোনে সিম না থাকলেও তার অবস্থান জানা যাবে।”

বিশ্লেষকেরা অবশ্য এসব পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ফোন চুরি বা ছিনতাইয়ের ঘটনায় অবিলম্বে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন।

মতামত দিন