বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক।
উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংকের পক্ষ থেকে তাকে ফোন কলে আনুষ্ঠানিক যাত্রার বিষয়টি জানানো হয় এবং মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটি তাদের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেল থেকেও বিষয়টি নিশ্চিত করে।
স্টারলিংকের সেবায় প্রাথমিকভাবে দুটি প্যাকেজ চালু করা হয়েছে—‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা এবং লাইট প্যাকেজের জন্য মাসিক খরচ হবে ৪ হাজার ২০০ টাকা। তবে উভয় প্যাকেজ গ্রহণে গ্রাহকদের এককালীন ৪৭ হাজার টাকা মূল্যমানের যন্ত্রপাতির খরচ বহন করতে হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইট অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য আজ থেকেই অর্ডার করতে পারবেন। তিনি আরও বলেন, “শুরুতে খরচ কিছুটা বেশি হলেও, এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের একটি টেকসই বিকল্প হিসেবে বিবেচিত হবে।”
এ উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত এলাকাসহ সর্বত্র উচ্চমানের ইন্টারনেট সেবা বিস্তারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

মতামত দিন