বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

নাটকীয় দৃশ্যে বিজ্ঞাপন দেখিয়ে নির্মাতাদের আয় বাড়াবে ইউটিউব।

ভিডিও শুরুর আগে কিংবা মাঝপথে বিজ্ঞাপন—ইউটিউব দর্শকদের কাছে বিষয়টি নতুন নয়। তবে এবার প্ল্যাটফর্মটি আরও একধাপ এগিয়েছে।

এবার দর্শকের সবচেয়ে আবেগঘন, নাটকীয় বা আকর্ষণীয় মুহূর্তেই বিজ্ঞাপন দেখানোর নতুন কৌশল এনেছে ইউটিউব।

ম্যাশেবলের এক প্রতিবেদনে জানানো হয়, ‘পিক পয়েন্টস’ নামের একটি নতুন ফিচার চালু করেছে ইউটিউব,যা পরিচালিত হবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘জেমিনি’-র মাধ্যমে। সম্প্রতি ইউটিউবের বার্ষিক 'আপফ্রন্ট' প্রেজেন্টেশনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, ভিডিওর কোন অংশে দর্শক সবচেয়ে বেশি মনোযোগী বা আবেগতাড়িত হন, তা শনাক্ত করবে জেমিনি। সেই পিক মুহূর্তেই দেখানো হবে বিজ্ঞাপন, যাতে ব্র্যান্ডগুলো দর্শকের মনোযোগের সর্বোচ্চ ব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ, বিয়ের প্রস্তাবের একটি ভিডিওতে “হ্যাঁ” বলার ঠিক আগমুহূর্তে দেখা যেতে পারে বিজ্ঞাপন।

শুধু বিজ্ঞাপনদাতাদের জন্যই নয়, ইউটিউব বলছে—এই ফিচার কনটেন্ট নির্মাতাদের জন্যও আয়ের নতুন সুযোগ তৈরি করবে। কারণ একটি ভিডিও যত বেশি দর্শক টানবে, ততবার পিক পয়েন্টে বিজ্ঞাপন দেখিয়ে নির্মাতারা উপার্জনের সুযোগ পাবেন।

বর্তমানে ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। স্মার্ট টিভিতে দেখা সময়, লাইভ স্ট্রিমিংয়ের চাহিদা এবং বৈচিত্র্যময় কনটেন্টের দিক থেকে এটি ইতিমধ্যেই নেটফ্লিক্স, ডিজনি প্লাস, হুলু কিংবা টিকটকের মতো প্রতিযোগীদের ছাড়িয়ে গেছে।

"দর্শক যেখানে,বিজ্ঞাপনও সেখানে"—এই বাস্তবতাকে মাথায় রেখেই ইউটিউবের এই নতুন উদ্যোগকে অনেকে দেখছেন বিজ্ঞাপনজগতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে। এটি যেমন ব্র্যান্ডগুলোর কাছে লাভজনক হবে, তেমনি নির্মাতাদের জন্যও হতে পারে নতুন অনুপ্রেরণা।

মতামত দিন