জাতীয়
ছবি: সংগৃহীত

হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১ হাজারের বেশি, মারা গেছেন ৬ জন।

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পরিচালিত ১০৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজার ৬৭১ জন হজযাত্রী।

বুধবার (১৪ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত হজ ২০২৫-এর দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন  ৩৭ হাজার ৮৮ জন।

চলতি মৌসুমে পরিচালিত ১০৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৫২টি, সৌদি এয়ারলাইনস ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি।

যাত্রী সংখ্যার হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০ হাজার ৮২৯ জন, সৌদি এয়ারলাইনস ১৪ হাজার ৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৬ হাজার ৭৫৮ জন হজযাত্রী পরিবহন করেছে।

এদিকে, চলতি মৌসুমে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।

উল্লেখ্য, চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ২৯ এপ্রিল। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

সব ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে পারে  পবিত্র হজ। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ছাড়বে ১০ জুন এবং শেষ ফ্লাইট ১০ জুলাই।

মতামত দিন