জাতীয়
ছবি: সংগৃহীত

ডিগ্রির স্বীকৃতি চেয়ে শাহবাগ অবরোধে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।দীর্ঘদিনের দাবি—চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং কোর্সকে ডিগ্রির সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে আন্দোলনে নামেন তারা।

টানা বৃষ্টিপাত উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন,ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে তাদের দাবি জানালেও এখনো তা পূরণ হয়নি।এরই প্রতিবাদে সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা সরকারের প্রতি আলটিমেটাম দেন। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না আসায় তারা শাহবাগ অবরোধের কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারীদের ভূমিকা অপরিসীম হলেও পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও ডিগ্রিধারীদের সমান মর্যাদা না পাওয়ায় তারা চাকরির ক্ষেত্রে অবহেলা, উপেক্ষা ও বঞ্চনার শিকার হচ্ছেন বলে জানান।

তাদের মতে, চার বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ ডিপ্লোমা কোর্স ডিগ্রির সমমানেই পড়ে, কিন্তু নীতিগত স্বীকৃতির অভাবে ডিপ্লোমাধারী নার্সদের দক্ষতা ও অভিজ্ঞতা প্রাপ্য মূল্যায়ন পাচ্ছে না।এ অবস্থায় দ্রুত সমাধান না এলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।

মতামত দিন