জবি শিক্ষার্থীদের লংমার্চ শুরু, যমুনার পথে তিন দফা দাবিতে উত্তাল রাজধানী।
আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (১৪ মে) বেলা ১১টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কর্মসূচি।
এর আগে সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। লংমার্চে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা একত্রিত হয়েছেন। মিছিলে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করে সামনের সারিতে অংশ নেন।
লং মার্চের পেছনে রয়েছে তিন দফা দাবি—
এক, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা চালু করতে হবে, যা ২০২৫-২৬ অর্থবছর থেকেই কার্যকর হবে।
দুই, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়াই অনুমোদন দিতে হবে।
তিন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) গিয়ে দাবি তুলে ধরেন। তবে প্রত্যাশিত আশ্বাস না মেলায় তারা আন্দোলনের নতুন রূপরেখা হিসেবে লংমার্চের ঘোষণা দেন। ‘জুলাই ঐক্য’ ব্যানারে গঠিত শিক্ষার্থীদের একাধিক সংগঠনের জোট থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।
এদিকে শিক্ষার্থীদের লংমার্চ ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থান নিয়েছে পুলিশ। বিশেষ করে তাঁতীবাজার ও গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় দেখা গেছে কড়া ব্যারিকেড ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে নজরদারি।
মতামত দিন