শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: শিক্ষামন্ত্রী।
দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করতে বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করা এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
সোমবার (৯ মার্চ) রাজধানীতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে যেখানে মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং বাস্তব দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও জানান, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ জোরদার, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে মাধ্যমিক পর্যায় থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মতামত দিন