মধ্যপ্রাচ্য সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩২০ ফ্লাইট বাতিল।
মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (৮ মার্চ) পর্যন্ত মোট ৩২০টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার পর কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। এসব দেশের আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে যাতায়াতকারী অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি এবং ৮ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ ছাড়া আগামীকাল (৯ মার্চ) আরও ১৮টি ফ্লাইট বাতিলের কথা জানানো হয়েছে। এর মধ্যে কুয়েতগামী ২টি, Air Arabia-এর ৬টি (শারজাহ রুট), Gulf Air-এর ২টি (বাহরাইন), Qatar Airways-এর ৪টি এবং Emirates-এর ৪টি ফ্লাইট রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন