জাতীয়
ছবি: সংগৃহীত

আর্থিক অনিয়মের অভিযোগে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সিটি করপোরেশনের আদেশে বলা হয়েছে, নির্ধারিত নীতিমালা অমান্য করে তিনি বিভিন্ন ক্রয় কার্যক্রম সম্পন্ন করেছেন। বিশেষ করে ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫’, ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬’ এবং সংশ্লিষ্ট বিধি অনুসরণ না করে টেন্ডার ও ক্রয় প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা এবং সরকারি অর্থ ব্যবহারে অনিয়মের ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং এ সিদ্ধান্ত জনস্বার্থ ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার জন্য অবিলম্বে কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় প্রকল্পের ক্রয় কার্যক্রমে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তের আওতায় আসে। তদন্ত চলাকালে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় থাকবেন এবং বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

মতামত দিন