জাতীয়
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে সম্ভাব্য জ্বালানি ও বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল ফিতরের ছুটি আগেই শুরু করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সোমবার (৯ মার্চ) থেকে এই ছুটি কার্যকর হবে এবং ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিদ্যুৎ ব্যবহারে আরও সচেতন ও দায়িত্বশীল আচরণ করতে বলা হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি না জ্বালানো, অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখা এবং জানালা-দরজা খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া অফিস চলাকালীন প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফ্যান, লাইট ও এয়ার কন্ডিশনার ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার চালু রাখলে তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার কথাও বলা হয়েছে।

অফিস কক্ষ ত্যাগ করার সময় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখা এবং করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অফিস সময় শেষ হওয়ার পর সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা, গাড়ির ব্যবহার সীমিত রাখা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন