জাতীয়
ছবি: সংগৃহীত

আজ ঐতিহাসিক ৭ মার্চ, স্বাধীনতার ডাকের দিন।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ মার্চ একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দান—বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে—লাখো মানুষের সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির আন্দোলনের চূড়ান্ত দিকনির্দেশনা দেন।

সেদিনের ভাষণে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তার কণ্ঠে উচ্চারিত হয় সেই ঐতিহাসিক ঘোষণা—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এই আহ্বানই পরবর্তীতে বাঙালির মুক্তিযুদ্ধের অনুপ্রেরণার শক্তি হয়ে ওঠে।

বঙ্গবন্ধুর সেই ১৮ মিনিটের ভাষণে তৎকালীন পূর্ব বাংলার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অধিকারবঞ্চিত জীবন এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা তুলে ধরা হয়। বলা হয়ে থাকে, সেই ভাষণই মুক্তিযুদ্ধের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করে।

এই ঐতিহাসিক ভাষণের গুরুত্ব বিবেচনায় ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এটিকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়।

বিশ্বের বিখ্যাত রাজনৈতিক ভাষণগুলোর মধ্যেও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। অনেক বিশ্লেষক এটিকে মার্টিন লুথার কিং জুনিয়রের ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণের সঙ্গে তুলনা করেন। সময়ের সঙ্গে সঙ্গে এ ভাষণটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিতও হয়েছে।

মতামত দিন