জাতীয়
ছবি: সংগৃহীত

তেলের খোঁজে পাম্পে পাম্পে ভিড়, অনেক চালক ফিরছেন খালি হাতে।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীজুড়ে পেট্রোল পাম্পগুলোতে শনিবার (৭ মার্চ) সকাল থেকেই জ্বালানি নিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বাড়তি চাহিদার কারণে অনেক পাম্পেই পর্যাপ্ত তেল না থাকায় অনেক চালককে অপেক্ষা করেও খালি হাতে ফিরে যেতে হয়েছে।

শহরের বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, গাড়ি ও মোটরসাইকেলের চালকেরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু নির্ধারিত সীমার কারণে অনেকেই প্রয়োজনমতো জ্বালানি পাচ্ছেন না। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখার ঘটনাও ঘটেছে।

তেল না পাওয়াকে কেন্দ্র করে কিছু জায়গায় গ্রাহক ও কর্মচারীদের মধ্যে কথাকাটাকাটিও হয়েছে। এ পরিস্থিতিতে ভোক্তারা পাম্পগুলোর ওপর সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

পাম্প মালিকদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। যে পরিমাণ জ্বালানি আসার কথা, তা সময়মতো না আসায় অনেক পাম্পে সংকট দেখা দিচ্ছে।

রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও পাম্প ও ডিপোগুলোতে আজ ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেক জায়গায় যানবাহনভিত্তিক কোটা মেনে জ্বালানি দেওয়া হচ্ছে।

ক্রেতাদের আশঙ্কা, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারেন—এই ভেবে অনেকে আগেভাগেই পেট্রোল ও অকটেন সংগ্রহ করার চেষ্টা করছেন। তবে সংশ্লিষ্টদের মতে, বাড়তি চাহিদার কারণে চাপ তৈরি হলেও এখন পর্যন্ত বড় কোনো জ্বালানি সংকট তৈরি হয়নি।

মতামত দিন