দেশি-বিদেশি উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম হ্রাস, ঘোষণা দিল বিইআরসি।
দেশে বিমানে ব্যবহৃত জেট এ-১ ফুয়েলের দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (১৩ মে) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, স্থানীয় ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার মূল্য ০.৭৫০০ ডলার থেকে কমিয়ে ০.৬০৬৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন এই দর মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
এছাড়া, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মজুতকরণ ও বিপণন চার্জ প্রতি লিটারে ৪.০৪ টাকা এবং পদ্মা অয়েল কোম্পানির বিপণন চার্জ ০.৮৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং পদ্মা অয়েল কোম্পানির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ গণশুনানি এবং ৬ এপ্রিল পর্যন্ত লিখিত মতামতের পর নতুন মূল্যহার নির্ধারণ করা হয়। আইন অনুযায়ী,অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক-মূসকসহ এবং আন্তর্জাতিক ফ্লাইটে শুল্ক-মূসকমুক্ত হারে এই দাম কার্যকর করা হয়েছে।

মতামত দিন