নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া ‘অদম্য নারী পুরস্কার’ কর্মসূচির আওতায় তাকে এ সম্মাননা দেওয়া হবে।
শুক্রবার (৬ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের ভূমিকা ও আপসহীন নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ আখ্যা দিয়ে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক ধারাবাহিকতা রক্ষায় তার অবদান বিবেচনায় তাকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ বছরও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তারা হলেন—অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন।
আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সম্মাননা প্রদান করা হবে।

মতামত দিন