আজ বিক্রি হচ্ছে আগামী ১৭ মার্চের ঈদ যাত্রার টিকিট।
ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের জন্য অগ্রিম ট্রেন টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৭ মার্চ) এই বিক্রি কার্যক্রমের পঞ্চম দিন চলছে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবার সব অগ্রিম টিকিটই অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে। পাশাপাশি নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নেওয়া যাবে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না।
টিকিট পেতে যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ বা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। ওয়েবসাইটে ঢুকে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ভ্রমণের তারিখ, যাত্রার স্থান, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে টিকিট খোঁজা যায়।
পছন্দের ট্রেনে আসন খালি থাকলে তা নির্বাচন করে অনলাইনে কেনার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। টিকিটের মূল্য পরিশোধ করা যাবে ভিসা বা মাস্টারকার্ডের পাশাপাশি বিকাশের মাধ্যমেও।
পেমেন্ট সম্পন্ন হলে ই-টিকিট ডাউনলোড করা যায় এবং একই সঙ্গে যাত্রীর ই-মেইলেও পাঠানো হয়। পরে সেই টিকিট প্রিন্ট করে এবং পরিচয়পত্র সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাপানো টিকিট সংগ্রহ করা সম্ভব।
মতামত দিন