জাতীয়
ছবি: সংগৃহীত

যশোরে বিচারক সংকটে তিন আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের।

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে বিচারক সংকটের প্রতিবাদে তিনটি আদালতের কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) থেকেই আদালত বর্জন কর্মসূচি শুরু হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী বিচারক না থাকায় বিচার কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে আইনজীবীরা আদালত বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তথ্য অনুযায়ী, যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম গত বছরের ২৮ আগস্ট বদলি হন। এরপর প্রায় তিন মাস পর ৫ নভেম্বর মোহাম্মদ আলী নতুন সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দেন। তবে চলতি বছরের ৫ জানুয়ারি তাকেও বদলি করা হলে পদটি আবার শূন্য হয়ে যায়।

এরপর থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মাধ্যমে আদালতের কার্যক্রম চালানো হচ্ছিল। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এম এম মোর্শেদ দীর্ঘদিন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু গত ২৬ ফেব্রুয়ারি তাকেও ঢাকায় বদলি করা হয়।

পরে রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আইরিন পারভীনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব দেওয়া হলে বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের অভিযোগ, বহুদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।

বুধবার অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর। সভায় সাবেক সভাপতি এম ইদ্রিস আলী, শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, কাজী ফরিদুল ইসলাম, মাহাবুব আলম বাচ্চু, সিনিয়র আইনজীবী জাফর সাদিক, মঈনুল হক খান ময়না ও সাবেক জিপি সোহেল শামীম বক্তব্য দেন।

মতামত দিন