ঈদে টানা ৭ দিনের ছুটি, আরও একদিন ছুটি বাড়াল সরকার।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগের নির্ধারিত ছুটির সঙ্গে নতুন করে ১৮ মার্চ যুক্ত হওয়ায় এবারের ঈদে মোট সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঈদযাত্রা সহজ করা এবং মানুষকে পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ দিতে অতিরিক্ত একদিন ছুটির প্রস্তাব উত্থাপন করা হলে মন্ত্রিসভা তা অনুমোদন দেয়।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। ধারণা করা হচ্ছে, রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ঈদের ছুটির পরিধি আরও বিস্তৃত হলো। এর সঙ্গে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় মিলিয়ে মোট সাত দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
ফলে এবার ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটি পেয়ে অনেকেই আগেভাগেই বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
মতামত দিন