জাতীয়
ছবি: সংগৃহীত

কেন্দ্রভিত্তিক ২৯৭ আসনের ভোটের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত আসনগুলোর বিস্তারিত কেন্দ্রভিত্তিক ফলাফল জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এখন ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্টরা প্রতিটি ভোটকেন্দ্রের পৃথক ফলাফল অনলাইনে যাচাই করতে পারবেন।

বুধবার (৪ মার্চ) কমিশনের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়। এর আগে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৭টির চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছিল।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। তবে আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তির পর এ দুই আসন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। ওই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে বগুড়া-৬ আসনেও উপনির্বাচন হবে, কারণ ধানের শীষ প্রতীকে নির্বাচিত হওয়ার পর তারেক রহমান আসনটি ছেড়ে দিয়েছেন।

মতামত দিন